ভারতের পঞ্চদশ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপি নেতা নরেন্দ্র মোদি
সার্কের দেশগুলোর পাশাপাশি মরিশাসের নেতা শপথ
অনুষ্ঠানে উপস্থিত থাকলেও সবার দৃষ্টি ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ
শরীফের দিকেই। মোদির সঙ্গে মঙ্গলবারই শরীফের দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা।
মোদির অভিষেককে এক মাহেন্দ্রক্ষণ ও বড় একটি সুযোগ হিসাবেই দেখছেন নওয়াজ।
নওয়াজ শরীফসহ শপথ অনুষ্ঠানে যোগ দেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা
রাজাপাকসে, আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ
হাসিনা জাপান সফরে থাকায় এই অনুষ্ঠানে যোগ দেন স্পিকার শিরীন শারমিন
চৌধুরী।ভারতের সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং কংগ্রেস
নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) সভানেত্রী সোনিয়া গান্ধীও
উপস্থিত হন মোদির শপথে। দেখা গেছে ক্রিকেট, চলচ্চিত্রসহ বিভিন্ন অঙ্গণের
তারকাদেরও। ওদিকে, মোদির মা ও দুই ভাই শপথ অনুষ্ঠান দেখেন টিভিতে। আর
মোদির সমর্থকরা শপথ অনুষ্ঠান স্থলের কিছু দূরেই ভারতীয় জনতা পার্টির
(বিজেপি) সদরদপ্তরে আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে আতশবাজি করে।

কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার সকাল ৮ টায় সাউথ ব্লক অফিসে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন মোদি। এক
দশক আগের দাঙ্গার জন্য সমালোচনা, আর দক্ষ হাতে গুজরাট পরিচালনা- নিন্দা আর
প্রশংসার দুই বিপরীত ধারার মধ্যেই পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশের ষোড়শ
লোকসভা নির্বাচনে ভোটের লড়াইয়ে প্রায় দেড়শ’ বছরের দল কংগ্রেসকে ধসিয়ে দেন
৬৩ বছর বয়সী মোদি। ভারতে ভোটের ইতিহাসে কংগ্রেসকে সবচেয়ে বড় লজ্জায় ডুবিয়ে প্রধানমন্ত্রী হলেন এক সময়ের চা বিক্রেতা নরেন্দ্র মোদি। আর ১৯৮৪ সালের পর এবারই ভারত দেখল সবচেয়ে শক্তিশালী সরকার।সরকার গঠনের ন্যূনতম ২৭২ আসন ছাড়িয়ে লোকসভায় বিজেপির সদস্য সংখ্যা ২৮২, আর জোট এনডিএকে হিসেবে আনলে এই সংখ্যা পৌঁছে যায় ৩৩৬ এ।
0 Response to "ভারতের পঞ্চদশ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপি নেতা নরেন্দ্র মোদি।"
Post a Comment